আঁধারের ফুল
আঁধারের ফুল সুবাস ছড়ায় তুলনাহীন; তার গোপন তুলে রাখি
সযতনে; একদিন-- মৃত্যু ডাকে; একদিন-- প্রেম;
প্রতিদিন দ্বন্ধে থাকি তুমুল অনিশ্চয়তা চিহ্নের পাশে দাঁড়িয়ে
জীবনের দাঁড়োয়ান কখন বিদায়বেলার ঘন্টা বাজিয়ে উঠবে!
নিশ্চিত সন্ধ্যা জেনেও স্মৃতিগুলো রঙিন হয়ে ফুটে ওঠে
সন্ধ্যার গল্পে লিখিত হয় সংখ্যাতত্ত্ব এবং মৃত্যুর গ্রাফিতি
একদিন-- কাকডাকা ভোরের গল্প হবে এ জীবন!
একদিন-- সংখ্যাতত্ত্বের গণনা হবে এ জীবন!
একদিন-- মৃত্যুর গ্রাফিতিতে জেগে উঠবে এ জীবন!
একদিন-- নতুন জীবনের সন্ধানে ছুটে যাবে এ জীবন!
একদিন-- মাটির সংস্পর্শে সমস্ত সুবাস বিলীন করে যাবো
একদিন-- আঁধারের ফুল হবো গোপনে! তোমারও
কুশীলব
পরিক্রমা ভেঙে এসে দাঁড়িয়েছি প্রত্যুষের আলোয়Ñ
গোলাপি রঙের তাপ বিচ্ছুরণের মতো ছুটে ছুটে পড়ছে
এই আলো পৃথিবীকে দিগন্ত দেখায়; দিগন্ত পথে ছুটে চলে
সামগ্রিক মানবজীবন। জীবন তার গতির কুশীলব।
গতিহীন জীবন বেদনার; বেদনার ফসিল অঙ্কুরে ঝরে যায়
সময়ের গ্যাঁড়াকলে থেমে যায় বহমান জীবন।
জীবন-- উঠে আসে আঁতুরঘরের স্বপ্ন যাপনদিনের মহড়ায়
নেচে খেলে; একান্ত স্বভাবের মতো নিজস্ব চেতনায়।
জীবন জানে; ঢেউ ভেঙে ভেঙে তটে ফেরার মাজেজা
এবং পাড় ভাঙা যন্ত্রণার বিষণ্ণরকম গল্পরাগ।
দেখছি, প্রত্যুষের আলোয় রঙিন দুয়ার সবই খুলে যাচ্ছে
হে জীবন, কৌশলে জেগে থাকো আপন আলোর রূপরেখায়।
কেনন-- জীবন, তার গতির কুশীলব।
অনন্ত এক দৌড়
যাত্রাপথ; কিছুটা দীর্ঘ হোক--
এই কুয়াশাজারিত অরণ্যঘেরা ধবল সময়
সাবলীল; প্রকৃতবিদ্রোহে ঘুম ভাঙুক--
নির্মোহ প্রাত্যহিক সকালের প্রত্যাশা নিয়ে
আমরা ছুটে চলেছি; অনন্ত এক দৌড়ে--
স্ব-কাল তার নাম লিখে যায়--
অদৃশ্য শিলালিপির পৃষ্টাঙ্কজুড়ে
সেখানে অষ্টপ্রহর থাকে জীবনের সময় জুড়ে
তীব্র-হিম-- যাপিত সময় বরফখ-ের মতো
জমাটবদ্ধ হয়ে আছে; হৃদয় এক আইসক্রীম
স্পর্শ পেলেই গলতে থাকবে--
শুধু ইশারা মাত্র; নৈঃশব্দ্য ভাঙার--
গৎবাঁধা একটা জীবন
গৎবাঁধা একটা জীবন; কোনো তারতম্য নেই--
সরলরৈখিক পথে হেঁটে যাচ্ছে নির্বোধের অভিধায়
পথেরও তো কত বাঁক চেনা-জানা হলো না এ বিজননে।
অথচ কত না পথের নাম টুকে রাখতে হচ্ছে জীবনসমগ্রে।
একদিন, অন্ধকারে আলোকফুল ফুটবে হয়তোবা
এমন মায়া-মুহূর্তে বিদ্যুৎবিভ্রাটের নাটকীয়তা!
দরিয়ার জল উত্থলে উঠছে হয়তোবা। হয়তোবাÑ
আমরাও ডুবছি আঁধারআলোয়। এ জীবনের খসড়া খাতায়
হয়তোবা অলিপিকৃত থেকে যাবে শূন্যতার 'আড়াল'!
আজকাল 'আড়াল' বড়ো বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠছে
তুষের ভূমিকায় পোড়াচ্ছে সারাক্ষণ! পুড়ছি এবং পুড়ছি...
গৎবাঁধা জীবনের স্টিয়ারিং ঘুরিয়ে দেখার কৌতূহল জাগে!
কিন্তু, নিয়মতান্ত্রিক যাপনে তা কী সম্ভবপর?
অসীমে প্রশ্ন ছুঁড়ে দিয়ে দেখেছি; উত্তর মেলেনি!
অবগাহন
যৎসামান্য; ভাবতেই পারো--
এক জীবনে কতটা আর অবগাহন গভীরে
কিছুটা থেকে যায় পরম্পরা; অংশগত--
আরেক জীবনের প্রতীক্ষায়।
এই যে, ডাক দিয়ে যাচ্ছে--
অকালসন্ধ্যা; পারস্পারিক বিবেচনাবোধ
ঘুটঘুটে অন্ধাকরের নিচে--
দূরভাষের-আলোয় জাগিয়ে রাখছি--
জোনাকরঙ; একটা শূন্য-জীবন হাতে নিয়ে!
তোমার প্রসাধন-টেবিলের মতো সাজিয়ে রাখা--
ধূলোময় সংসার সৌন্দর্য
যেখানে নিত্যদিন গুচ্ছ-গুচ্ছ বেদনা জমতে থাকে
জমতে জমতে একপ্রস্থ জীবন--
আড়াল হয়ে যায়; আয়নাদৃশ্যের উল্টোপিঠে!
তবু নিমজ্জন হতে থাকে; জীবন জলের গভীরেÑ
নিত্য এক সন্ধানী জীবন...
অলংকরণঃ তাইফ আদনান
