উর্দু সাহিত্যের খ্যাতনামা কবি মির্জা গালিবের প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ বেগ- গালিব তার পারিবারিক নাম। তিনি শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন এবং সম্রাট কাব্যসাহিত্যে অনন্য অবদানের জন্য তাঁকে দাবির-উল-মালিক ও নাজিম-উদ-দৌলা উপাধিতে ভূষিত করেন। মির্জা গালিব ১৭৯৭ সালে আগ্রা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ব পুরুষ মধ্য-এশিয়ার সমরকন্দের অধিবাসী ছিলেন। তার দাদা কাকান বেগ খান উচ্চাভিলাষী সামরিক অধিকর্তা ছিলেন। তিনি সমরকন্দ থেকে ভারতে আগমণ করে শৌর্য ও কর্মগুণে অল্পসময়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি মোগল সম্রাট শাহ আলম এর অধীনে পাঞ্জাবের গভর্নর ও জয়পুরের মহারাজার অধীনে গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেন।
অষ্টাদশ শতাব্দীতে ভারতের ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক পেশা অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে উঠেছিল৷ গালিবের পিতা আবদুল্লাহ বেগ খান আগ্রার এক অভিজাত পরিবারে বিষয়ে করেছিলেন৷ সৈনিক জীবনের অনিশ্চয়তার কারণে তিনি তার স্ত্রীকে আগ্রায় পিতার পরিবারেই অবস্থানের অনুমতি দিয়েছিলেন৷ পিতা আবদুল্লাহ বেগ খানের মৃত্যুর পর তাঁর পরিবারের দায়িত্ব গ্রহণ করেন গালিবের চাচা নসরুল্লাহ বেগ খান৷ অত্যল্পকাল পরে চাচাও মৃত্যুবরণ করেন; সে-সময়ে গালিবের বয়স ছিল নয় বছর৷
মির্জা গালিব আগ্রার খ্যাতিমান পদ্ধতি শেখ মোয়াজ্জেম-এর কাছে অনানুষ্ঠানিক লেখাপড়ার তালিম নেন। এছাড়া সম্ভবত তিনি মীর আযম আলী পরিচালিত একটি মাদ্রাসায়ও কিছুদিন পড়াশোনা করেন বলে জানা যায়। তবে তাঁর ঝোঁক ছিল ভাষা ও সাহিত্যের প্রতি এবং বিশেষত: ফার্সি ভাষার প্রতি। এসময়ে আরবি ও ফার্সি ভাষায় দক্ষ আবদুস সামাদ নামে এক জ্ঞানী ব্যক্তি আগ্রা সফর করেন। গালিব তার শিষ্যত্ব গ্রহণ করেন। আবদুস সামাদ গালিবের মামার বাড়িতে দুই বছর অবস্থান করেন৷ গালিব তাঁর কাছে ফার্সি ভাষায় বুৎপত্তি লাভ করেন। তিনি কোনো ব্যক্তিকে তাঁর উস্তাদ বলে স্বীকার না করলেও ফার্সি ভাষায় তাঁর বুৎপত্তি ও নির্ভুলতার জন্য বিভিন্ন মুশায়রা-তে আবদুস সামাদকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন।
মির্জা গালিব এর যখন বিবাহ হয়, তখন তার বয়স ছিল মাত্র ১৩। ১৮১০ সালের ৮ আগস্ট তাঁর বিবাহ সম্পন্ন করেন। নওয়াব ইলাহী বখশ খানের কন্যা ওমরাও বেগমের সাথে গালিবের বিবাহ হয়। তার শ্বশুর দিল্লির অভিজাতদের একজন বলে বিবেচিত হতেন। গালিব মনে করেন, কবি হিসেবে খ্যাতি লাভের জন্যে আগ্রার চাইতে দিল্লির পরিবেশ অনুকুল৷ যদিও সে-সময় অব্যাহত রাজনৈতিক সমস্যার কারণে বিখ্যাত কবি মীর তকী মীর ও কবি সওদাকে দিল্লি ত্যাগ করতে হয়েছিল; তবুও ঊনবিংশ শতাব্দীর সূচনায় ব্রিটিশ উপনিবেশিক শক্তির উপস্থিতি দিল্লির রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা আনায়ন করে। গালিব দিল্লিতে চাঁদনী চকের কাছে একটি প্রাসাদ ভাড়া নেন সস্ত্রীক বসবাসের জন্য। শ্বশুরের প্রভাবের কারণে দিল্লির অভিজাত মহলে পরিচিত হতে তাকে বেগ পেতে হয়নি। গালিব সম্ভবত ১৮১১ সালে দিল্লিতে আসেন এবং পরবর্তী একান্ন বছর তিনি দিল্লিতেই বসবাস করেছেন, এর মধ্যে মোকাদ্দমা মোকাবিলার লক্ষ্যে ২ বছর তাঁকে কলকাতায় থাকতে হয়েছিল।
গালিব তাঁর গোটা জীবনে কোনো পেশা গ্রহণ করেননি। তাঁর পারিবারিক বিত্ত, শ্বশুরকুলের সঙ্গতি এবং নওয়াব ও মোগল বাদশাহের মসোহারার ওপরে নির্ভর করেই তিনি জীবন অতিবাহিত করেন। তিনি বিত্তশালী ছিলেন না, কিন্তু পারিবারিক ঐতিহ্য তাঁকে নাগরিক আভিজাত্যের মোড়কে আচ্ছন্ন করে রাখত। তিনি দিল্লিতে প্রাসাদোপম অট্টলিকায় বসবাস করতেন, নিয়মিত সুরা পান করতেন ও ছয় বেহারার পালকিতে চলাচল করতেন। সায়র রচনার সময় সুরা-পান তাঁর মজ্জাগত অভ্যাস ছিল। সৃজনশীলতা ও কল্পনার ক্ষেত্রে মদিরা সহায়ক ছিলো বলে তিনি মনে করতেন।
গালিব জুয়াখেলায় আসক্ত ছিলেন এবং নিয়মিতই খেলতেন। এ ব্যাপারে তার কোন রাখঢাক ছিল না৷ জুয়াখেলার কারণে ১৮৪১ সালে শহর কোতোয়াল গালিবকে সতর্ক করেন এবং ১০০ রুপি জরিমানাও করেন। কিন্তু পরবর্তীতে দিল্লির কোতোয়াল ফৈয়াজ হাসান খান গালিবের বাড়িতে হানা দিয়ে গালিবকে জুয়া খেলারত অবস্থায় তাকে পাকড়াও করেন; বিচারে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দু'শ রুপি জরিমানা করা হয়৷ দিল্লিতে গালিবের ভক্ত ও নিন্দুকের অভাব ছিল না। শহরের অভিজাত ব্যক্তিবর্গ ব্রিটিশ পেনশনভোগী মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের স্মরণাপন্ন হন। তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার পরও সরকার অনড় থাকে বরং প্রশাসন থেকে সম্রাটকে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য পরামর্শ দেয়া হয়। গালিবকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল। অবশ্য তাঁকে পুরো মেয়াদ কারাবাস করতেও হয়নি। তাঁর ভগ্নস্বাস্থ্যের জন্য দিল্লির সিভিল সার্জনের সুপারিশে কারাবাসের মেয়াদ পূর্তির আগেই ছয়মাসের পরিবর্তে তিন মাস পরেই তাঁকে মুক্তি দেয়া হয়।
কারাবাস মির্জা গলিবের প্রতি মননে মারাত্মক নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। অভিজাত ও বুদ্ধিজীবী হিসেবে তাঁর যে যে অহংকার ছিল তা চূর্ণ হয়ে যায়, নামসর্বস্ব মোগল সম্রাটের অক্ষমতাও তার কাছে স্পষ্ট হয়ে ওঠে ৷ তার বিপদের দিনে বেশির ভাগ বন্ধু তাকে পরিত্যাগ করেছিল। গালিবের ঘনিষ্ঠ বন্ধু মোস্তফা খান শেফতা তাঁর কারাদণ্ড লাঘবের চেষ্টা করেন এবং প্রতিদিন তাঁর সাথে সাক্ষাত করেছেন৷ গালিব জীবনের অবশিষ্ট দিনগুলো পর্যন্ত তাঁর প্রতি ঋণ স্বীকার করে গেছেন। কারাদণ্ড প্রাপ্ত হওয়ায় তিনি এতটাই ব্যাথিত হয়েছিলেন যে, ফার্সি ভাষায় লেখা এক চিঠিতে কারামুক্ত হয়ে তিনি পৃথিবীতে আর না থাকার ইচ্ছা ব্যক্ত করেছিলেন; আর যদি বাঁচতেই হয় তাহলে হিন্দুস্থানে নয় বরং রোম, মিশর, ইরান, বাগদাদ এমনকি মক্কায় গিয়ে থাকতে চেয়েছেন।
গালিবের মানসিক অবস্থা বাদশাহ বাহাদুর শাহ জাফরকে ব্যাথিত করে। ১৮৫০ সালে তিনি গালিবকে ‘নজম-উদ-দৌলাহ’ ও ‘দাবির উল-মুলক’ খেতাবে ভূষিত করে তাকে তৈমুর বংশের ইতিহাস রচনার দায়িত্ব দেন। এজন্য বার্ষিক ছয়শ রুপি ভাতা বরাদ্দ করেন। গালিব মানসিকভাবে কিছুটা স্থিতিশীল হন এবং বাদশাহের মনোবাঞ্ছা পূরণে সচেষ্ট হন। কিন্তু ইতিহাস রচনার কাজে যে পড়াশোনা ও ধৈর্যের প্রয়োজন গালিবের তা ছিল না এবং দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে তিনি মোগল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের জীবন ও শাসনকালের ইতিহাস সম্পন্ন করেন। সে-সময়ে তাঁর আর্থিক অবস্থা ছিল খুবই নাজুক এবং তাকে মাসিক ভিত্তিতে ভাতা দেয়ার জন্যে বাদশাহের কাছে চিঠি দেন। বাদশাহ তা অনুমোদন করেন। এরপরে ১৮৫১ সালে সম্রাট হুমায়ুনের জীবনকাহিনির চাইতে বেশি আর লিখতে পারেননি। অতএব, প্রকল্পটি ভেস্তে যায়। সম্রাট বাবর থেকে হুমায়ুনের শাসনকাল পর্যন্ত তিনি যতটুকু লিখেছিলেন তা ‘মিহির-ই-নিমরোজ’ নামে ১৮৫৪ সালে প্রকাশিত হয়।
১৮৫৭ সালের সিপাহী বিপ্লব গালিবের জীবনে চূড়ান্ত বিপর্যয় আনে। সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশ কর্তৃপক্ষ মোগল বাদশাহকে বন্দী করে। ফলে তিনি বাদশাহের কাছ থেকে যে ভাতা পেতেন তা বন্ধ হয়ে যায়। তার আগেই অযোধ্যার নবাব প্রদত্ত ভাতাও বন্ধ হয়ে যায়। ফলে গালিবের জীবনে অন্ধকারের অমনিশা নেমে আসে। কেননা, বৃদ্ধ বয়সে সম্পদহীন গালিবের বাঁচার পথও তখন রুদ্ধ হয়ে যায়।কিন্তু তার কবিত্বের সূচনা খুব স্বচ্ছন্দ ছিল না৷ তার প্রথমদিকের কবিতা ফার্সি ঘেঁষা ছিল৷ উর্দু সাধারণ মানুষের ভাষায় পরিণত হওয়ায় সাহিত্যের মাধ্যম হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছিল৷ কিন্তু গালিবের ওপর ফার্সি কবি বুখারি, আসীর ও বেদীর প্রভাব ছিল। সমালোচকদের মতে গালিবের প্রথম জীবনের কবিতা তার ব্যক্তিগত জীবনের মতোই দুর্বোধ্য ও সামঞ্জস্যহীন ছিল।
গালিব একই সাথে অযোধ্যার নওয়াব ওয়াজিদ আলী শাহের ওপর তার প্রভাব সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন৷ এক পর্যায়ে তিনি তাকে বার্ষিক পাঁচশ রুপি ভাতা মঞ্জুর করেন৷ আর্থিক স্বচ্ছলতা ফিরে এলেও গালিবের স্বাস্থ্য ভেঙে পড়েছিল৷ চোখে কম দেখছিলেন এবং কানেও কম শুনছিলেন৷ ১৮৫৬ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ অযোধ্যাকে ব্রিটিশ শাসনের আওতায় নিয়ে আসে এবং একই বছরে পরবর্তী মোগল সম্রাট বলে নির্ধারিত মির্জা ফখরুদ্দিন মৃত্যুবরণ করেন৷ অতএব দুটি উৎস থেকেই গালিবের ভাতা প্রাপ্তি বন্ধ হয়ে যায়।
মির্জা গালিবের কাব্য প্রতিভা
মির্জা গালিব কেবল প্রেমের কবি ছিলেন না; তাঁর গজলগুলো জীবনের দার্শনিকতা, মানবিক অনুভূতি, বিচ্ছেদ এবং আত্ম-অন্বেষণের প্রতিফলন। গালিবের কবিতা যুগের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত দুঃখ-বেদনা সবকিছুকে সমৃদ্ধভাবে ধারণ করেছে। গালিবের কবিতা শুধুমাত্র রোমান্টিক প্রেমের প্রকাশ নয়। তিনি জীবনের গভীর বাস্তবতা, মানুষের আশা-নিরাশা এবং মানসিক জটিলতার প্রতিফলন ঘটিয়েছেন। যেমন তিনি লিখেছেন:
“হৃদয় যে ব্যথা পায়, তাকে কেউ জানতে পারে না,
প্রেমের বেদনায় চুপচাপ বসে থাকে মন।”
এই দুই চরণেই প্রেম ও ব্যথার মিলিত অনুভূতির সূক্ষ্মতা প্রকাশ পেয়েছে। গালিবের কবিতা মানুষের অভ্যন্তরীণ মননকে সরাসরি স্পর্শ করে, পাঠককে ভাবায় এবং অনুভ‚তিকে প্রগাঢ় করে। গালিবের কাব্যশৈলীর অন্যতম বৈশিষ্ট্য হলো তাঁর দার্শনিকতা। তিনি শুধুমাত্র প্রেমের কবি ছিলেন না বরং মানুষের অস্তিত্ব, সময়, ভাগ্য এবং আত্মজিজ্ঞাসার বিষয়েও গভীরভাবে চিন্তা করেছেন। তাঁর একটি বিখ্যাত কবিতায় এভাবেই তাঁর ভাব প্রকাশ করেন:
“জীবনের খেলায় আমরা সবাই ছোটখাটো শিশুর মতো,
যেখানে আনন্দ-দুঃখ মিলেমিশে চলতে থাকে।”
এই চরণটি দেখায় কিভাবে গালিব জীবনকে শুধু বাস্তবতার প্রেক্ষাপটেই দেখেননি, বরং তা মানুষের অভ্যন্তরীণ অনুভূতি ও মানসিকতার প্রতিফলন হিসেবে চিত্রিত করেছেন। গালিবের গজলগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শব্দচয়নের সূক্ষ্মতা এবং রূপকের ব্যবহার। তিনি দৈনন্দিন শব্দগুলোকে এমনভাবে সাজিয়েছেন যে, তা পাঠককে গভীর ভাবনায় নিমগ্ন করে। যেমন:
“প্রেমের ওপর কোন জোর নেই, এটি এমন আগুন
যা নিজে থেকে জ্বলে এবং নিভে যায়।”
এখানে গালিব প্রেমকে জীবনের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে চিত্রিত করেছেন। তার কবিতায় ভাবের বহুমাত্রিকতা এবং ভাষার শৈল্পিক সৌন্দর্য মিলেমিশে পাঠককে আবেগ-মননের গভীরে নিয়ে যায়। গালিবের কবিতা কেবল ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়; এতে মানবিক সহমর্মিতা, আত্ম-সমালোচনা এবং সমাজবোধও প্রতিফলিত হয়েছে। যেমন তিনি লিখেছেন:
“হৃদয় যে নিঃসঙ্গ, তাকে কে দেখবে,
দুঃখের ছায়য় অন্ধকারে ছায়া নেমে আসে।”
এই দুই চরণ আমাদের শেখায় কিভাবে গালিব ব্যক্তি ও সমাজের অভ্যন্তরীণ সংযোগের সূক্ষ্মতা বর্ণনা করেছেন। তাঁর কবিতার পাঠক কেবল প্রেমের অনুভূতি নয়, বরং মানবিক দুঃখ-বেদনার সাথে সরাসরি সংযুক্ত হয়। গালিবের কাব্য প্রতিভা আরও স্পষ্ট হয় আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়ে। তাঁর গজলগুলোতে কেবল হৃদয়ের আবেগই নয়, বরং এখানে যুক্তির সূক্ষ্ম উপস্থিতিও লক্ষ্য করা যায়। তিনি জীবনের বাস্তবতা, প্রেমের জটিলতা এবং মানুষের দুর্বলতাকে সমন্বিতভাবে তুলে ধরেছেন। যেমন:
“প্রেম কখনো কৌশল বা শক্তি দ্বারা অর্জিত হয় না,
এটি স্বতঃসিদ্ধ ও অপ্রতিরোধ্য।”
এই চরণটি দেখায় কিভাবে গালিব প্রেমকে নীরব ও প্রগাঢ় অভিজ্ঞতা হিসেবে দেখেছেন, যা মানুষের যুক্তি ও আবেগের সঙ্গে মিশে আছে।
উপসংহারে বলা যায়, মির্জা গালিব কেবল গজলের কবি ছিলেন না; তিনি ছিলেন মানবিক অনুভূতি ও জীবনদর্শনের প্রতিফলনকারি। তাঁর কবিতা প্রেম, বেদনা, দার্শনিকতা, আবেগ ও মানবিক দুর্বলতা সবই একত্রিতভাবে তুলে ধরেছে। গালিবের কবিতা আজও পাঠকের মন ও বুদ্ধিকে সমৃদ্ধ করে, এবং এটি উর্দু সাহিত্যের চিরন্তন সম্পদ।
অলংকরণঃ তাইফ আদনান
