জলধি / কবিতা / দিলরুবা খানমের তিনটি কবিতা
Share:
দিলরুবা খানমের তিনটি কবিতা

বদলে যাওয়া তুমি


আমরা তখনও মুগ্ধ চোখে দু'জন 
নিত্য কথার ফুটতো ফুলঝুরি 
ভিডিও কলে দেখা না মেলার ভারে 
তোমার আমার খুব চলতো আড়ি।

অভিমানও লাগতো বড্ড মিঠে 
মন কেমনের অস্থিরতার ঘোরে 
রোজ দুজনের কাটতো এমন সময় 
রোজ দুটোতেই মনটা রইতো পরে।

রাতের গভীর তোমার নামে লিখে 
ঘুম উড়াতাম শতক হাজারবার 
বেহিসেবি ঘন্টা ভুলে তুমি
কথায় কথায় সময় করতে পার৷

এখনওতো ঋতু বদল হয় 
ফাগুন যে যায় বর্ষা ফিরে আসে 
অভিমানে নাওনা আজ আর আড়ি 
স্মৃতিরা সব জল ছবিতে ভাসে।

আজও এমন রাতের আঁধার দেখি 
ঘুম চোখে নেই পুরনো অভ্যেস 
বদলে গেছো খুব করে আজ বুঝি 
কেটে গেছে "আমি" নামের রেশ।



তুমি জীবন আমার

তুমি আমার এক জীবনে সবটুকু সুখ হলে 
তবু অদৃশ্য দূরত্বেরই দেয়াল তুলে দিলে, 
মিথ্যে কথার ফুলঝুরিতে স্বপ্ন সাজাও রোজ
কাছে আছো তুমি তবু কত দূরে পাইনা সুখের খোঁজ।

আমার প্রতিটি শ্বাসের কাঁপনে কত যে কষ্ট লুকানো গান
অচেনা হলো এ প্রেম আমার জমে শত অভিমান, 
তোমার চোখেই দেখেছিলাম আমি অপার স্বপ্ন যত
তোমার হাতেই ভাঙ্গলো স্বপন হৃদয় হলো ক্ষত ।

তুমি না থাকা সময়গুলো দিব্যি থেমে যায় 
অচল লাগে ক্লান্ত আমার প্রহর কাটে হায়,
তবু তোমাকেই কেনো যে এতো
জাগে হারানোর ভয়
রাত্রি দিন আমার শহরে বিষাদ জমে রয়।

প্রতিদিন আমি একা হতে থাকি একটু একটু করে 
দূরে সরে গেছি তুমি আমি কত না বলা কথার ভীড়ে, 
ভালোবাসা মানে তোমার আমার দুঃখের নীল পাহাড়? 
আধেক দুঃখ তুমি যদি নিতে আধেক রইতো আমার।



তুমি চলে যাওয়ার পর 

তুমি চলে যাওয়ার পরই টের পেলাম 
নীরবতারও এক তীব্র উচ্চারণ আছে
যা শব্দ হয়ে কানে আসে না
সরাসরি বুকে গিয়ে ভাঙ্গে |

রাতগুলো এখন আর শুধু রাত নয় 
ধীরে ধীরে নেমে এসে পাশে বসে থাকে 
অকথিত কান্নার মতো ভার হয়ে 
আর নিঃশব্দে আমাকে রাখে জড়িয়ে।

তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো 
আজও ফিরে আসে প্রতিদিন 
দরজায় কড়া নাড়ার ভান করে 
তারপর অনুমতি ছাড়াই ঢুকে পড়ে
আমার ক্লান্ত ভাঙ্গা মনের ভেতর।

আয়নায় তাকালে এখন আর 
নিজেকে খুঁজে পাই না,
অচেনা কত কত মুখের ভিড়ে
শুধু তোমারই প্রতিচ্ছবি ভেসে ওঠে বারবার।

কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি
তার কোনো সময় নেই
শুধু হিসেব করে রাখি
ভেতরের শূন্যতাগুলো।

যদি ভালোবাসার শেষটা এমনই হয় 
তবে কেন স্বপ্নগুলো এত নিখুঁত ছিল? 
কেন বিশ্বাসগুলো একদিন
রঙ হারিয়ে নিঃশব্দে ভেঙ্গে গেল?

এখন আমি শুধু সময়ের সাথে ভাসি 
বেঁচে থাকার মতো করে বেঁচে থাকি 
কারণ আমার ভেতরের জীবনটা 
অনেক আগেই থেমে গিয়েছে 
মিশে গিয়েছে শূন্যতার মাঝে।



অলংকরণঃ তাইফ আদনান